আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশ নাইজারে একটি সোনার খনি ধসে অন্তত ১৮ শ্রমিকের প্রাণহানি ঘটেছে। ভয়াবহ এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। বর্তমানে তাদের প্রত্যেককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রতিবেশী রাষ্ট্র নাইজেরিয়া সীমান্তের কাছে অবস্থিত ওই খনিতে দুর্ঘটনায় হতাহতদের মধ্যে নাইজেরিয়ান নাগরিকও রয়েছেন।
স্থানীয় দান ইসা শহরের মেয়র আদামু গুয়েরাও ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, দমকল কর্মীরা প্রাথমিকভাবে ১৮ জনের মরদেহ উদ্ধার করেছে। সোমবার সকালে তাদের দাফন করা হয়।
তিনি আরও বলেছেন, গেল রবিবার একটি খনিতে কাজ চলাকালীন সময়ে বিস্ফোরণটি হলে দুর্ঘটনাটি ঘটে।
গারিন-লিমান নামে ওই খনি এলাকাটিতে মাত্র কয়েক মাস আগেই আবিষ্কৃত হয়েছিল। যদিও এরই মধ্যে কয়েক হাজার খননকারী এলাকাটিতে কাজের জন্য উপস্থিত হয়েছে।
বিশ্লেষকদের মতে, গত কয়েক দশক যাবত নাইজারের সোনার খনিগুলো বেশ ভালো সম্ভাবনা দেখাচ্ছে। কিন্তু প্রাচীন আমলের খনন পদ্ধতি এবং ভূমির অস্থিতিশীলতার জন্য এ ধরনের ঘটনাও সেখানে খুব বেশি পরিমাণে ঘটে থাকে।
উল্লেখ্য, ২০১৭ সালে দেশটির সরকার খনি শিল্পকে আধুনিকায়ন করার উদ্দেশ্যে এ ধরনের বহু খনি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল।
সূত্র : এএফপি